পুরোহিত হত্যা: কাটতে হল গুলিবিদ্ধ গোপালের কব্জি
পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তগৌড়ীয় মঠের পুরোহিত হত্যাকাণ্ডের সময় বাম হাতে গুলিবিদ্ধ ভক্ত গোপাল চন্দ্র রায়ের মাংসপেশির পচন এড়াতে কব্জি পর্যন্ত অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছে।
বুধবার ঢাকার পঙ্গু হাসপাতালে এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন এতে নেতৃত্ব দেওয়া হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. জাহাঙ্গীর আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১১টায় তার নেতৃত্বে চারজন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচারে অংশ নেয়।
“প্রায় ৪৫ মিনিট অস্ত্রোপচার করে বাম হাতের কব্জির কিছুটা ওপর পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তবে হাতের মাংসপেশীতে ধরা পচনের সম্ভাব্য মাত্রা বুঝতে অস্ত্রোপচার অংশে স্বাভাবিক সেলাই দেওয়া হয়নি।”
২৪ বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর স্বাভাবিক সেলাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডা. জাহাঙ্গীর।
গত ২১ ফেব্রুয়ারি সকালে সন্তগৌড়ীয়া মঠের ভেতর মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে একদল দুর্বৃত্ত। এসময় অস্ত্রশস্ত্রে সজ্জিত হত্যাকারীদের সামনে পড়লে মঠের ভক্ত গোপালকে গুলি করে তারা। এতে তার বাম হাতের কনুইতে গুলি লাগে।
ঘটনার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠিত হয়। মেডিকেল বোর্ডের নেওয়া সিদ্ধান্তেই পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচার করে তার কব্জির ওপর পর্যন্ত কাটা হয়।
অধ্যাপক ডা. জাহাঙ্গীর বলেন, “বিদ্ধ হওয়া গুলিটি ঘূর্ণির মত ঘুরে ভেতরের মাংসপেশি ও রক্তনালী ছিন্নভিন্ন হয়ে গেছে। অনেক দেরিতে ঢাকায় এনে রক্তনালী জোড়া লাগানোর অস্ত্রোপচার করা হলেও সেটা কাজে লাগেনি।
“ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে তার হাত আঙ্গুলসহ ফুলে কালো বর্ণ ধারণ করে। একইসঙ্গে ইনফেকশনে (সংক্রমণ) মাংসপেশীতে পচন ধরে। সংক্রমণের কারণে তার প্রচন্ড জ্বর হচ্ছিল। এতে একসময় কিডনিও সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে, যা তার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।”
এজন্যই হৃদরোগ ইনস্টিটিউটের মেডিকেল বোর্ড গোপালের হাতের কব্জির কিছুটা ওপর পর্যন্ত অস্ত্রোপচার করে কেটে ফেলার সিদ্ধান্ত দেয় বলে জানান এই চিকিৎসক।
এদিকে গোপালের চিকিৎসার সব খরচ সরকার বহন করছে বলে জানান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার তার চিকিৎসায় প্রয়োজনীয় সবকিছুই করবে। চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসতেও তাকে সহায়তার পদক্ষেপ নেওয়া হবে।”
গোপালের স্ত্রী কুনটি রাণী (৩০) বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, তার স্বামীর চিকিৎসার শুরু থেকে সরকারিভাবে সব খরচ দেওয়া হচ্ছে। কিন্তু ভবিষ্যতে কী হবে তা নিয়ে তিনি বেশ চিন্তায় আছেন।
গোপাল চন্ত্র দেবীগঞ্জ ডিগ্রি কলেজে পিয়ন পদে কাজ করে এলেও বেতন পেতেন না বলে অভিযোগ করেন তার স্ত্রী।
তিনি বলেন, “বেতন না পেলেও দুই হাতে কাজকর্ম করে আমার স্বামী এতদিন সংসার সামলিয়েছেন। একটি হাত কেটে ফেলায় সেই শক্তি আর থাকল না।”
দ্রুত তার স্বামীর বেতন-ভাতা চালু করতে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানান কুনটি রাণী।
এদিকে যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্য গত মঙ্গলবার থেকে ১৫ দিনের এবং দুই জেএমবি সদস্য গত শনিবার থেকে ১৮ দিনের রিমান্ডে রয়েছেন।
রিমান্ডে নেওয়ার তিনদিনের মধ্যে গত মঙ্গলবার জেএমবি সদস্য আলমগীর হোসেন ঘটনায় নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরে আদালত রিমান্ড আদেশ বাতিল করে তাকে জেলহাজতে পাঠায়।
