হিন্দু ধর্মগুরু হত্যায় যুক্তরাজ্য হাই কমিশনারের নিন্দা
পঞ্চগড়ে হিন্দু ধর্মগুরু যজ্ঞেশ্বর রায়কে হত্যার নিন্দা জানিয়েছেন ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক।
হত্যাকাণ্ডের পরদিন সোমবার এক টুইট বার্তায় তিনি বলেন, “মিস্টার জে রায় ও মিস্টার জি সি রায়ের ওপর নৃশংস হামলায় আমি আতঙ্কিত। ধর্ম ও বিশ্বাসের কারণে কারও ওপর আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে মঠে রোববার সকালে ঢুকে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় তারা মঠের ভক্ত গোপাল চন্দ্র রায়কে গুলি করে।
বাম হাতের কনুইয়ের পাশে দুটি গুলি নিয়ে আহত গোপাল বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
টুইটে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেক বলেন, “ধর্মের স্বাধীনতা সাবর্জনীন অধিকার। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের পাশে থাকবে।”
এর আগে ধর্মগুরু হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদন নিন্দা জানান।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের খবর দিয়েছে পুলিশ।
