২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কালেক্টরেট ভবনে বোমা সদৃশ বস্তু

মাগুরায় পুরাতন কালেক্টরেট ভবনের বারান্দা থেকে বোমা সদৃশ বস্তু  ও ‘আনসার উল্লাহ বাংলা সংসদ’ নামে একটি সংগঠনের প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ।  

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 03:50 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধবার সকালে বিআরটিএ অফিসের কর্মচারীরা ভবনের বারান্দা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

“পুলিশ সেখান থেকে বস্তুটি ছাড়াও কাফনের কাপড়, সাবান, আগরবাতি, কর্পুরসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করে।”

পরে বোমা সদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে পানি ভিজিয়ে রাখা হয় বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ঘটনাস্থলে হাতে লেখা একটি প্রচারপত্রও পাওয়া গেছে।

“যেখানে আনসার উল্লাহ বাংলা সংসদ ও প্রাপক আব্দুর রহমান জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার নাম লেখা রয়েছে।”

পুরাতন কালেক্টরেট ভবনে বিআরটিএ ও জেলা ত্রাণ অফিস এবং উল্টো পাশে ৫০ গজের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।