হবিগঞ্জে যুবসংহতি নেতা হত্যায় গ্রেপ্তার দুই ভাই রিমান্ডে
হবিগঞ্জের মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি রফিক মিয়া হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই ভাইকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হবিগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক কামলা আহমেদ জানান, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউসার আলমের আদালতে তাদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়া।
শুনানি শেষে আদালত আবুল কালাম ও তার ভাই জাহির মোল্লাকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে বলে জানান তিনি।
গত শনিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে যান রফিক। সকালে বাড়ির পাশে তার রক্তমাখা গেঞ্জি, একটি রক্তমাখা কুড়াল ও পাশের একটি পুকুর থেকে তার পরনের লুঙ্গি উদ্ধার করে পুলিশ। তল্লাশি চালিয়ে রেললাইনে তার মস্তক বিচ্ছিন্ন লাশ পাওয়া যায়।
