২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে শিশু হত্যায় একজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জের বানিয়াচংয়ে আট বছরের এক শিশুকে খুন করে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 02:11 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন প্রায় সাড়ে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির রায় পাওয়া আসামি আব্দুর রশিদ এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।

তবে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সিরাজ মিয়া ও সালেহ আহমেদকে খালাস দিয়েছে আদালত। সিরাজ রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও সালেহ শুরু থেকেই পলাতক।

বানিয়াচংয়ের ত্রিকর মহল্লার প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান রাসেলকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ৯ অক্টোবর রশিদসহ ওই তিনজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন শিশুটির মা স্বপ্না বেগম।

বানিয়াচং থানার এ মামলার এজাহারে বলা হয়, মেহেদীর কাছ থেকে একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য ৮ অক্টোবর রশিদ তাকে হত্যা করে পাশের জঙ্গলে লাশ পুঁতে রাখে। পরদিন তাকে আটকের পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

এ আদালতর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ১৪ জন সাক্ষীর জবানবন্দি শুনে বিচারক এ মামলার রায় ঘোষণা করেছেন।