২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আসামির আইনজীবী ও বাদীর মারামারি, উভয়ই আহত

গাজীপুরে এক মামলার বাদী আসামিপক্ষের আইনজীবীকে ‘মারধর করায়’ আইনজীবীর সহকর্মীরা বাদীকে মেরে জখম করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 12:44 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

সোমবার বিকেলের এ ঘটনায় আহত আইনজীবী মো. হাবিবুর রহমান (৪০) ও বাদী পূবাইলের ভাদুন এলাকার সামিন উদ্দিনকে (৪৮) শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনজীবী হাবিবুর রহমান হাসপাতালে চিকিৎসা অবস্থায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি সোমবার দুপুরে মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মারামারি মামলার বাদী সামিন উদ্দিনকে বিভিন্নভাবে জেরা করেন।

“এতে ক্ষিপ্ত হয়ে বিকেল সোয়া ৩টার দিকে সামিন আমার চেম্বারে এসে চড়াও হয়। একপর্যায়ে আমার জামার কলার টেনে ধরে কিলঘুষি মারতে শুরু করে।”

এ সময় আইনজীবীর সহকর্মী ও মক্কেলরা গিয়ে সামিনকে এলোপাতাড়ি মারধর করলে তিনি আহত হন বলে আইনজীবী জানান।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামিনের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে আইনজীবী হাবিবুর রহমানের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তবে উভয়ই শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।