মেঘনায় মার্চ-এপ্রিলে মাছ ধরা নিষিদ্ধ
মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধের মৌসুম শুরু হচ্ছে।
ইলিশের পোনা জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ নদীতে মার্চ-এপ্রিল এ দুমাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য মন্ত্রণালয়।
২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, চাঁদপুরে ৩৬ হাজার ৫৩৫ জন জেলে মেঘনায় মাছ ধরে। এই জেলেদের মধ্যে ২৮ হাজার ৯৬৭ জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেওয়া হবে।
তবে সরকার ঘোষিত চাল সঠিক পরিমাণে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকার জেলে আবুল কাশেম ও মো. হারুন বলেন, “আমাদের মাঝে দুই মাস ইলিশ অভয়াশ্রমকালীন সময়ে যেই পরিমাণ চাল দেওয়ার কথা তা ঠিকমতো বিতরণ করা হয় না। অধিকাংশ সময় নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৫ বা ১০ কেজি করে চাল কম দেওয়া হয়।
জেলে ওসমান ও খলিল জানান, পুরোপুরি মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে হলে ঘোষিত ৪০ কেজি করে চাল দেওয়ার পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান দাবি করেন জেলেদের নিয়ম অনুযায়ী সঠিক মাপে চাল দেওয়া হয়।
‘এরপরও কারো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, মেঘনায় নিষিদ্ধ সময়ে ১ হাজার ২৬০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে রিকশা, ভ্যান, হাঁস-মুরগি ও সেলাই মেশিন প্রদান করা হবে। আগামীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
নিষেধাজ্ঞা ভঙ্গ করে মাছ ধরলে কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া ও ৫ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
