কিবরিয়া হত্যা: পলাতক ১০ আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ সোমবার এ আদেশ দেন।
এছাড়া এদিন কথা থাকলেও সব আসামি আদালতে উপস্থিত না থাকায় এ মামলায় অভিযোগ গঠন করা হয়নি বলে জানিয়েছেন হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী।
সোমবারের শুনানিতে পলাতক ১০ আসামি ছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র গোলাম কিবরিয়া গউস উপস্থিত ছিলেন না।
পিপি সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুফতি হান্নানসহ গ্রেপ্তার ১১ আসামিকে সকালে বিস্ফোরক আইনের মামলায় আদালতে হাজির করা হয়।
বিচারক আগামী ৩১ মার্চ এ মামলায় শুনানির পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন বলে জানান পিপি।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় শাহ এএম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন।
পরের দিন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
গত বছর ৫ অগাস্ট ৩২ জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিএনপি-জামায়াত জোট সরকারের (২০০১-২০০৬) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র গোলাম কিবরিয়া গউসও এ মামলার আসামি।
বিস্ফোরক মামলার কার্যক্রম হবিগঞ্জে চললেও কিবরিয়া হত্যা মামলার বিচার চলছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
