২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশেই তৈরি হবে স্মার্ট ফোন, ট্যাব’

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশেই স্মার্ট ফোন, ট্যাব ও ল্যাপটপ তৈরি হবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 01:37 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক উন্নয়নে সিগনেচার বিল্ডিং ও ম্যানুফ্যাকচারিং বিল্ডিংয়ের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান উদ্বোধন করে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পার্কটির নির্মাণকাজ শেষ হলে এখানে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর পাঁচ লাখের বেশি ল্যাপটপ ও তিন কোটির বেশি মোবাইল ফোন আমদানি হয়।

“তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান যেন বাংলাদেশের মাটিতেই আমরা সেই ডিভাইসগুলো তৈরি করতে পারি।”

হাইটেক পার্ক নির্মাণে সামিট গ্রুপ ও শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ শুরু করেছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম অনুষ্ঠানে জানান, এটি হবে বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। পার্কটি পিপিপির আওতায় বাস্তবায়িত হচ্ছে।

২৩২ একরের এই হাইটেক পার্ক পাঁচটি ব্লকে বিভক্ত।

৬৫ একরের ১ নম্বর ব্লকে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল, কলেজ, ব্যাংক, শপিংমল, আবাসিক এলাকা ইত্যাদি; ৬২ একরের ২ নম্বর ব্লকে মাল্টি টেন্যান্ট বিল্ডিং, শিল্প এলাকা, কনভেনশন সেন্টার, হোটেল; ৪০ একরের ৩ নম্বর ব্লকে মাল্টি টেন্যান্ট বিল্ডিং, শিল্প এলাকা; ৩৬ একরের ৪ নম্বর ব্লকে শিল্প এলাকা, হেলিপ্যাড এবং ২৯ একরের ৫ নম্বর ব্লকে শিল্প এলাকা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইত্যাদি নির্মাণ করা হবে।

প্রাথমিকভাবে ২ ও ৫ নম্বর ব্লকের নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানান ব্যবস্থাপক হোসনে আরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, সামিট গ্রুপের চেয়ারম্যান মো. আজিজ খান, ইনফিনিটি ইনফোটেক পার্কস লিমিটেডের চেয়ারম্যান রবীন্দ্র সামারিয়া, শ্রীলঙ্কার ইডব্লিউআইএসের চেয়ারম্যান সানজিওয়া প্রমুখ উপস্থিত ছিলেন।