পুলিশের বাজেট ছোট কম্বলের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের জন্য অপ্রতুল বরাদ্দের বিষয়টি তুলে ধরতে গিয়ে এই বাহিনীর বাজেটকে ‘ছোট কম্বলের’ সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
লক্ষ্মীপুর সার্কিট হাউজে রোববার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি পুলিশের গাড়ি, ক্রেন ইত্যাদির অভাব প্রসঙ্গে বলেন, “পুলিশের বাজেট ছোট কম্বলের মতো, যা মাথায় দিলে পায়ে থাকে না, আবার পায়ে দিলে মাথায় থাকে না।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
“যাতে কোনো সন্ত্রাসী ভোটকেন্দ্রে এবং র্নিবাচনী প্রচার অভিযানে অংশ নিতে না পারে সেজন্য আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করব।”
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান কামাল ও আব্দুলাহ আল মামুন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, যুবলীগ নেতা মাহবুবুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস উপস্থিত ছিলেন।
