‘ঝগড়া থামাতে গিয়ে’ দায়ের কোপে জাপা নেতা নিহত
রংপুরে দুই পক্ষের ‘ঝগড়া থামাতে গিয়ে’ জাতীয় পার্টির এক নেতা দায়ের কোপে নিহত হওয়ায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার রশীদপুর গ্রামের এ ঘটনায় নিহত আব্দুল্লাহ আল মাসুদ (৪০) ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক দিন আগে ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াজকে একই গ্রামের মমতাজ উদ্দিন জোর করে বিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
“এর জের ধরে রোববার সন্ধ্যায় মমতাজের সঙ্গে দুলাল মিয়ার ঝগড়া বাধলে মাসুদ থামাতে যান। এ সময় কেউ একজন তার মাথায় দা দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে বলে জানান ওসি হুমায়ুন।
আটককৃতরা হলেন মমতাজ উদ্দিন (৫৫), তার স্ত্রী শেফালী বেগম (৪৩), পুত্রবধূ লতা বেগম (২৪), ছেলে মাজেদুল ইসলাম (২২), দুলাল মিয়া ও রানা।
