সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকে।
রোববার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ীমোহন স্টেশনের মাঝে চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়ার সহকারী স্টেশন মাস্টার জহুরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৯টা ৫৫ মিনিটে উল্লাপাড়া স্টেশনে আসে। সেখানে পাঁচ মিনিট যাত্রাবিরতির পর ঈশ্বরদীর দিকে ছেড়ে যাওয়ার পথে চাঁদপুর এলাকায় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।
“খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রেনটির লোকো মাস্টার, গার্ড ও চালক ইঞ্জিনটি সচল করলে দুপুর পৌনে ১২টার দিকে ট্রেনটি উল্লাপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়।”
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কমান্ডার মো. দিনায়াতুল হক দিনার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
