২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিলাই নদীর নাব্যতা ফেরানোর দাবিতে মানববন্ধন

ভাওয়ালের ঐত্যিবাহী চিলাই নদী পুনঃখনন ও সংস্কার করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে চিলাই নদীর ২৩ কিলোমিটার তীরের আটটি জায়গায় মানববন্ধন হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

শনিবার সকালে ‘চিলাই বাঁচাও আন্দোলন’ ও ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিতে হয়।

সকাল ১০টা থেকে দুই ঘণ্টার এই মানববন্ধন চিলাই নদীর উৎসস্থল গাজীপুরের শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের সেরলিয়াবাড়ি, লোহাগাছিয়ার গাজীতলা ঘাট, গাজীপুর সিটি করপোরেশনের মঠঘাট, শ্মশান ঘাট, হানকাটা সেতু, তীতারকুল সেতু, কানাইয়া বাজার ও পূবাইল সেতু এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আয়োজকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন।

হানকাটা সেতু এলাকায় জয়দেবপুর-মারতা-কাপাসিয়া সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাই বাঁচাও আন্দোলনের আহ্বায়ক জালাল উদ্দীন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন।

সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গাজীপুর শহর আওয়ামী লীগ সভাপতি ও গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি  ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর জেলা সিপিবির সভাপতি মো. জয়নাল আবেদীন খান, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমারত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

চিলাই নদীর উৎসস্থল সেরলিয়াবাড়ি এলাকায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার সাদাত, কাজী আজিম উদ্দিন কলেজের প্রভাষক শামীম আশরাফ মুকুল প্রমুখ।