বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত
দিনাজপুরের সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত ও ছয়জন আহত হয়েছে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক দিনেশ রায় (৫০) ও তার স্ত্রী শ্যামলতা (৪৫)।
শনিবার দুপুর ১২টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের লক্ষ্মীতলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওয়াদুদ হোসেন।
স্টেশন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি কোচ লক্ষ্মীতলায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে দিনেশ ও শ্যামলতা ঘটনাস্থলেই মারা যান।
“এ সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এর চালকসহ ১১ জন আহত হন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, গুরুতর আহত কোচ চালক সাকিব (৪৮), মালতি (৬০), আব্দুর রশিদ (৪০), ফিরোজ (৩২), আবু তাহের (৩৫) ও দুলালকে (৩৫) ভর্তি করা হয়েছে।
এছাড়া পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
