২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চালক আহত

রাজশাহী শহরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক মাইক্রোবাসের চালক ‘গুরুতর’ আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 12:13 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিলশিমলা বন্ধগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রাজপাড়া থানার ওসি মাহামুদুর রহমান জানান।

আহত আল আমিনের (১৭) বাড়ি শহরের দাশপুকুর এলাকায়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ‘গুরুতর’ বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী আজিজুলের বরাত দিয়ে ওসি মাহমুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের উপরেই মাইক্রোবাসটি বিকল হয়ে পড়ে। এ সময় চাঁপাইনবাগঞ্জ থেকে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন চলে আসলে ধাক্কা লেগে মাইক্রোবাসটি পাশে ছিটকে পড়ে। এতে বাহনটি দুমড়ে-মুচড়ে যায়।”

স্থানীয়রাই গাড়ির ভের থেকে গুরুতর আহত আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাইক্রোবাসে চালক ছাড়া আর কেউ ছিলেন না বলেও ওসি জানান।