দিনাজপুরে ছাগল বাঁচাতে গিয়ে পুড়ে মরল গৃহবধূ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গোয়ালঘরে আগুন লাগার পর দুটি ছাগলছানা বাঁচাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বুলাকিপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান।
নিহত গৃহবধূর নাম রূপিয়া বেগম (৩৩)। তার স্বামী সিরাজুল ইসলাম ঢাকায় একটি কারখানার শ্রমিক।
স্বজনদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপিয়া রাতে মশা তাড়াতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন। সেই কয়েল থেকে আগুন ধরে গেলে ছাগল বাঁচাতে ভেতরে ঢোকেন তিনি।
কিন্তু বের হওয়ার সময় পুড়ে যাওয়া ঘরের চালা রূপিয়ার উপর ভেঙ্গে পড়ে। এতে ছাগলসহ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই রূপিয়ার মৃত্যু হয় বলে জানান তিনি।
