৭ খুনের সাক্ষ্য পেছালো, আদালতের ক্ষোভ প্রকাশ
আসামিকে কারাগার থেকে আদালতে হাজির না করায় বিচারক ক্ষোভ প্রকাশ করে ও ব্যাখ্যা শুনে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দিয়েছেন।
এছাড়া পরবর্তী নির্ধারিত তারিখে যেকোনো উপায়ে তারেক সাঈদকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন সাক্ষ্য শুরুর জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ঠিক করে দিয়েছেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে অন্য আসামিরা উপস্থিত থাকলেও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে হাজির করা হয়নি।”
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আসামি তারেক সাঈদ উপস্থিত না থাকায় বিচারক অসন্তুষ্টি প্রকাশ করেন এবং কেন তাকে হাজির করা হয়নি তার ব্যাখা চান কারা কর্তৃপক্ষের কাছে।
“এ সময় কী কারণে তারেক সাঈদকে আনা হয়নি তা জানার জন্য পিপিকে নির্দেশ দিয়ে আধঘণ্টার জন্য আদালত মূলতবি করেন।
“এছাড়া তারেক সাঈদকে আনার দায়িত্বে নিয়োজিত পরিদর্শক আশরাফকে বিষয়টি ব্যাখ্যা করতে বলেন। তিনি কারণ ব্যাখ্যা করলে বিষয়টি মিটে যায়।”
আসামিপক্ষের আইনজীবী এম এ রশিদ বলেন, “দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও এক আসামি অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। তাই আমরা আদালতে কয়েকজন আসামির পক্ষে জামিন আবেদন করেছিলাম, আদালত তা নাকচ করেছেন।”
আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলার বাদী বিজয় কুমার পাল এদিন আদালতে উপস্থিত থাকলেও অন্য মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি আদালতে আসেননি।
গত ৮ ফেব্রুয়ারি এ দুই মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দিয়েছিল আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন জানান, বৃহস্পতিবার দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। একটি মামলার বাদী বিজয় কুমার পাল আদালতে উপস্থিত ছিলেন। অপর মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি অসুস্থ থাকায় হাজির হতে পারেননি, যে কারণে তার পক্ষে আদালতে সময় চাওয়া হয়েছে।
তিনি বলেন, আসামি তারেক সাঈদ কারা অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে কারাকর্তৃপক্ষ হাজির করেনি। এজন্য আদালত আগামী ২৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। ওই দিন অবশ্যই তারেক সাঈদকে অ্যাম্বুলেন্সে করে হলেও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
তারেক সাঈদকে হাজির না করায় আদালত ক্ষোভ প্রকাশ করলেও পুলিশ তার ব্যাখা দেওয়ার পর বিষয়টি মিটে গেছে বলে জানান খোকন।
সেলিনা ইসলাম বিউটির মামলার আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, সাত খুনের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা হওয়ার পরও ঢাকা কারা কর্তৃপক্ষ তারেক সাঈদকে আদালতে উপস্থিত করেনি।
মামলার বিচার কাজ বিলম্বিত করার জন্য একটি মহল ইচ্ছাকৃতভাবে তারেক সাঈদকে আদালতে হাজির করেনি বলে মনে করেন সাখাওয়াত।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও বিজয় কুমার পাল মামলা দুটি দায়ের করেন।
তদন্ত শেষে প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
কিন্তু অভিযোগপত্র থেকে পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় ‘নারাজি’ আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি।
আবেদনটি বিচারিক হাকিম আদালত ও জজ আদালতে খারিজ হয়ে গেলে বিউটি উচ্চ আদালতে যান। হাই কোর্টের আদেশে বলা হয়, পুলিশ চাইলে মামলাটির ‘অধিকতর তদন্ত’ করতে পারে এবং ‘হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার’ ধারা যুক্ত করে নতুন করে তদন্ত প্রতিবেদন দিতে পারে।
এ মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছেন।
নূর হোসেন ছাড়া বাকিরা হলেন- সামরিক বাহিনী থেকে বরখাস্ত তারেক সাঈদ মোহাম্মদ, এম এম রানা ও আরিফ হোসেন, র্যাব সদস্য এসআই পূর্ণেন্দু বালা, এএসআই বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন ও বাবুল হাসান, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্সনায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স কর্পোরাল রুহুল আমিন, সিপাহী আবু তৈয়ব, নুরুজ্জামান ও আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।
র্যাবের সার্জেন্ট এনামুল কবীর, এএসআই কামাল হোসেন, কর্পোরাল মোখলেছুর রহমান, সৈনিক আব্দুল আলিম, মহিউদ্দিন মুন্সী, আল আমিন শরীফ, তাজুল ইসলাম ও কনস্টেবল হাবিবুর রহমান পলাতক।
এছাড়া নূর হোসেনের আরেক সহযোগী বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকার সেলিম ভারতের কারাগারে আটক রয়েছেন।
