চার শিশু হত্যা: গ্রেপ্তার শাহেদ রিমান্ডে
হবিগঞ্জের বাহুবলের চার শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার শাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মোক্তাদির হোসেন বলেন, বৃহস্পতিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আলমের আদালতে তাকে হাজির করে ১০ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়।
“শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।”
বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ থেকে শাহেদকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহেদ সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল আলী বাগালের ভাতিজা। বৃহস্পতিবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার কাজী মনিরুজ্জামান জানান, চার শিশু হত্যার ঘটনায় র্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালায়। র্যাবের তদন্তে পাওয়া ক্লু’র সূত্র ধরে সিলেটের বিশ্বানাথ থেকে বুধবার রাতে শাহেদকে আটক করা হয়।
র্যাব-৯ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, শাহেদ লেবু বাগানের মালিক। তার হাতে প্রচুর অর্থ ছিল। সে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত।
“র্যাব তাকে অনুসরণ করে গ্রেপ্তার করেছে। সে বিদেশে পালিয়ে যেতে চেষ্টা করছিল।”
গত ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে স্কুল নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।
চাঞ্চল্যকর এ মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত আব্দুল আলী বাগালের দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং আরেক আসামি আরজু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
