গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে শিশুর লাশ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিনদিন পর সেপটিক ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার গোয়া বাহারা গ্রাম থেকে নাহিদ শেখের (৪) লাশ উদ্ধার করা হয়। সে ঢাকার গেন্ডারিয়া এলাকার জনি শেখের ছেলে।
নাহিদের নানা আদম আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার বিকালে খেলতে বের হয়ে নিখোঁজ হয় নাহিদ। সকালে বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়
ওসি আজিজুর বলেন, সে বাহারা গ্রামে নানার বাড়ি থাকত। এ ঘটনায় খায়রুল ঢালী (৩৫), লিটন (২৮) ও আব্দুল হক সরদারকে (৪০) ওই গ্রাম থেকে আটক করা হয়েছে।
নাহিদের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
