২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ‘চাঁদার দাবিতে ব্যবসায়ীকে গুলিতে আহত করে পুলিশের দিকে গুলি ছুড়ে পালানোর সময়’ এক যুবলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

গ্রেপ্তার সাইফুল ইসলাম এলান (৪৮) মুন্সীগঞ্জ শহর যুবলীগের সভাপতি।

মানিকপুরে হাসপাতালের সামনে থেকে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার এসআই মো. হারুন অর রশীদ জানান।

গুলিবিদ্ধ বছির মিয়াকে (৫০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জমি ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আমার ব্যবসায়ী অংশীদার বছির মিয়া ও শাহাবুদ্দিন একটি রিকশায় করে থানারপুল থেকে মানিকপুর আসছিলেন।

“এ সময় সাইফুল ইসলাম এলান তার সহযোগী আজিজ ও নাজিরকে নিয়ে মোটরসাইকেলে করে উল্টো দিকে যাচ্ছিলেন। ব্যবসায়ীদের দেখেই বাইক ঘুরিয়ে রিকশার গতিরোধ করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন।”

চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এলান গুলি ছুড়লে বছিরের পায়ে লাগে বলে জাহাঙ্গীরের অভিযোগ।

জাহাঙ্গীর বলেন, এ সময় পুলিশের একটি গাড়ি ওইদিক দিয়ে যাওয়ার সময় জটলা দেখে থামে। এলানকে সারেন্ডার করার কথা বলতেই তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন।

“এ সময় এলানের সহযোগী আজিজ ও নাজির মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও এলান পাঁচ-ছয় রাউন্ড গুলি করেন। কিন্তু পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলে।”

জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, “এলান প্রায়ই চাঁদা দাবি করেন। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় তাদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা চাঁদা নিয়েছেন। সর্বশেষ গত ২০ জানুয়ারি ৫০ হাজার টাকা চাঁদা নেন।

“চার-পাঁচ দিন ধরে দেড় লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। মঙ্গলবার রাতেও চাঁদার জন্য কয়েকদফা ফোন করেন এবং রাত সোয়া ১টায় মানিকপুরে আমার বাড়ির ফটকে এসে ফাঁকা গুলি করেন।”

সদর থানার ওসি ইউনুচ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই মো. হারুন অর রশীদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি এবং গুলিবিদ্ধ বছির মিয়া হামলা ও জখমের অভিযোগে আরেকটি মামলা করেছেন এলানের নামে।

এলানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হলে আদালত রোববার শুনানির দিন ধার্য করে বলে ওসি জানান।