ধলেশ্বরীতে ট্রলারডুবি, ২ লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছেন; নিখোঁজ রয়েছেন চার শ্রমিক।
বুধবার দুপুরে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগরে ‘এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস’ নামের বাল্কহেডটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তালেব (২৮) ও নিজামের (৩০) লাশ উদ্ধার করে। নিজাম সিরাজগঞ্জের মমতাজ উদ্দিনের ছেল।
নিখোঁজ শ্রমিকরা হলেন সুজন, সবুজ, শাহীন ও শরীফুল। এদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
ওই ট্রলারের শ্রমিক সিরাজুল ইসলাম বলেন, তারা ইটভাটার জন্য মাটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে হঠাৎ নদীতে ঘূর্ণিঝড় শুরু হলে তাদের পাশে থাকা ঢাকামুখী আরেকটি খালি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাল্কহেডের উপর উঠে যায়।
তাদের বাল্কহেডটিতে মাটি ভরাট থাকায় সেটি নদীতে তলিয়ে যায় বলে জানান তিনি।
তিনি বলেন, ওই সময় তাদের বাল্কহেডের বেশিরভাগ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ঘুমিয়ে থাকায় ভেতরে যারা ছিল তারা বেরুতে পারেনি।
ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনাটি ঘটেছে ঘূর্ণিঝড়ের কারণে। দুটি বাল্কহেডই ঢাকা অভিমুখী ছিল।
“ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কাজ শুরু করে এবং সন্ধ্যায় তালেব নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।”
নিখোঁজ ট্রলারটি শনাক্ত করা হয়েছে বলেও তিনি জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক দীনুমনি শর্মা বলেন, নারায়ণগঞ্জে ডুবুরি না থাকায় ঢাকার সদরঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়।
