২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত নেতার দলীয় মনোনয়নপত্র জমা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কয়েকজন বহিষ্কৃত নেতাও দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 09:02 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরতে খোদা জুয়েল, মো. শফিকুল ইসলাম, সাংষ্কৃতিক সম্পাদক মাসুদুল হক বাচ্চু এবং যুবলীগ সভাপতি মতিউর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জানান, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার ফরম জমা দেওয়ার শেষ সময় ছিল বলে জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম বিপুল বলেন, “বহিষ্কৃতরা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলেও কীভাবে মনোনয়ন ফরম পেলেন এবং কীভাবেই বা জমা দিরেন এটা ভেবে দেখার বিষয়।”

“নিয়ম-নীতি বহির্ভূতভাবে মনোনয়ন ফরম বিক্রি করায় মনোনয়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।”

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

বহিস্কৃত নেতা মাসুদুল হক বাচ্চু জানান, “বিগত উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে আমিসহ আরও তিন জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আমাদের চার জনকেই বহিষ্কার করা হয়েছিল।

“অন্য তিন জন বহিষ্কৃত নেতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই আমিও দিয়েছি।”

এতে কোনো নেতা তাকে বাধা দেননি বলে জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে ওই চারজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি আসার কথা। যদি চিঠি না আসে তাহলে আপনাআপনি তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।”