২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুতা নিয়ে শহীদ মিনারে: জাবির ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জুতা পায়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 08:12 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

একুশের ফেব্রুয়ারির প্রথম প্রহরে ক্যাম্পাসের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। উপাচার্যের পর শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত ক্রম না মেনে ছাত্রলীগ নেতাকর্মীরা আগে ফুল দেন।

কয়েকজন আলোকচিত্রীর তোলা সেসময়কার কয়েকটি ছবিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও এফ কায়কোবাদ বিপ্লবসহ কয়েকজন জুতা পায়ে বেদিতে উঠেন।

Image
একুশের প্রথম প্রহরে জুতা পায়ে শহীদ মিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ (নীল পাঞ্জাবি পরা, চেহারা দেখা যাচ্ছে না)

একুশের প্রথম প্রহরে জুতা পায়ে শহীদ মিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ (নীল পাঞ্জাবি পরা, চেহারা দেখা যাচ্ছে না)

পরে সরকার সমর্থক ছাত্রসংগঠনটির একাধিক কর্মী জানান, ওই রাতে আরও অনেক নেতাকর্মীই জুতা পায়ে শহীদবেদীতে উঠেছিলেন।

জুতা পায়ে শহীদবেদীতে ওঠার কথা স্বীকার করে দুই সহ-সভাপতি আরিফ ও কায়কোবাদ বলেন, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির কারণে জুতা খোলার সময় পাননি।  

আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বেল্টযুক্ত জুতা পড়েছিলাম। ওইসময় প্রচণ্ড ভিড় থাকায় জুতা খোলার সুযোগ পাইনি। পরে বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তা খুলে ফেলি।”

অপর সহ-সভাপতি কায়কোবাদ বলেন, “ওই সময় পেছন থেকে ভিড়ের চাপে ওপরে (বেদী) উঠে যাই, তাই জুতা খোলার সুযোগ পাইনি।”

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন খোদ সংগঠনের শীর্ষ নেতৃত্ব। যারা এ কাজ করেছেন, তাদের শিক্ষা, যোগ্যতা ও নীতিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Image
শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ (নীল পাঞ্জাবি পরা)

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ (নীল পাঞ্জাবি পরা)

নাম প্রকাশ অনিচ্ছুক ছাত্রলীগের এক যুগ্ম সম্পাদক বলেন, “জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ব্যক্তিরা দুধের মাছির মতো নিজেদের ব্যক্তি সুবিধা আদায়ের জন্যই ছাত্রলীগে যুক্ত হয়েছে।

“এরা কখনই বঙ্গবন্ধুর আদর্শ ও আমাদের ইতিহাসের চেতনায় বিশ্বাসী নয়। আর এ কারণেই তারা জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অসম্মান করেছে।”

এই ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কথা বলেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।

“শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে কেউ জুতা পায়ে বেদীতে উঠলে শহীদদের অসম্মানই করা হয়। এটা আসলেই দুঃখজনক। কেউ এ ধরনের কাজ করে থাকলে আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

একই কথা বলেছেন সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলও।

অন্যদিকে বিষয়টি জানতেন না এমন দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, “ছাত্রলীগের কেউ এ কাজ করে থাকলে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”