২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মন্দিরে দর্শনার্থীর উপর হামলা, আহত ৪

পঞ্চগড়ে পুরোহিত হত্যার একদিন পর মাগুরায় একটি কালী মন্দিরে পূজা চলাকালে দুর্বৃত্তের হামলায় চার দর্শনার্থী আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

সোমবার রাতে শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশ্মশানে কালী মন্দিরে এ হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

দুর্বৃত্তের মারধর ও চাপাতির আঘাতে আহতরা হলেন খামারপাড়া গ্রামের সর্দার পাড়ার তাপস সরকার, অমিত সরকার, সুব্রত সরকার ও বিপ্লব সরকার।

এদের মধ্যে তাপস সরকারকে (২২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ রাতেই ইকবাল নামে এক যুবককে আটক করেছে।

ফাঁসতলা মহাশশ্মান কমিটির সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সময় পুরোহিত পূজা করছিলেন।

“ওই সময় একদল যুবক হঠাৎ পূজা দেখতে আসা কয়েকজন দর্শনার্থীকে লাঠিপেটা করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে

পালিয়ে যায়।

“এ ঘটনায় দর্শনার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়লে আমরা থানা পুলিশকে জানাই।”

আহত তাপস সরকারের বাবা বিনোদ সরকার বলেন, আটক ইকবালসহ কয়েকজন বখাটে যুবক তাদের দুর্গা মন্দিরে পূজার সময় মহিলাদের উত্ত্যক্ত করলে তাপসসহ কয়েকজন স্বেচ্ছাসেবক তাদের প্রতিবাদ করেছিল।

“এ কারণে তারা সংঘবদ্ধ হয়ে সোমবার রাতে এ ঘটনা ঘটিয়েছে।”

আহত তাপস সরকার বলেন, “হামলাকারীরা সংখ্যায় ৮/১০ জন ছিল। কিন্তু ইকবাল ছাড়া আমরা আর কাউকে চিনতে পারিনি।”

আহত আরেক যুবকের বাবা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘটনায় সমাজপতিরা থানায় মামলা না করার জন্য বিভিন্নভাবে তাদের চাপ দিচ্ছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) এম. এ. মাজেদ বলেন, মন্দিরে হামলার খবর পেয়েই  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্বীকারোক্তি মোতাবেক ইকবাল নামে এক দুর্বৃত্তকে আটক করেছে।

“আটক ইকবাল বারইপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানান পরিদর্শক মাজেদ।

রোববার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর আগে তাদের গুলি ও বোমায় আহত হন আরও দুজন। 

ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তিন মোটরসাইকেল আরোহী ওই হামলায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।