২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকলে বেঁধে কিশোর শ্রমিককে নির্যাতন, কারখানা মালিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক জামদানি কারখানায় কিশোর শ্রমিকের পায়ে শেকল বেঁধে ১৫ দিন ধরে নির্যাতন চালানোর অভিযোগে মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 03:43 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

গ্রেপ্তারকৃত আক্তার হোসেন দক্ষিণ রূপসী এলাকার সরাফত আলীর ছেলে। লালমনিরহাটের হাতীবান্ধা থানার গুন্দিমারী এলাকার মোতালিব মুন্সীর ছেলে আনছারুল ইসলাম (১৪) তার কারখানার কারিগর।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ রূপসী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে আক্তারকে গ্রেপ্তার ও আনছারুলকে উদ্ধার করা হয় বলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী হাসান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কয়েক মাস ধরে আক্তার ঠিকমত বেতন না দেওয়ায় আনছারুল কাজ ছেড়ে দিতে চেয়েছিল।গত ৯ ফেব্রুয়ারি তা জানতে পেরে আক্তার উল্টো আনছারুলের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।

“আনছারুল তা দিতে পারবে না জানালে তাকে পায়ে শিকল বেঁধে আটকে রাখে। গত ১৫ দিন ধরে আনছারুলের পায়ে শিকলে বেঁধে জামদানি বুননের কাজ করাতো আক্তার। কাজ করতে না চাইলে তার ওপর নির্যাতন চালানো হতো।”

এ ঘটনায় আনছারুলের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।