লাখো মঙ্গল প্রদীপ জ্বেলে শহীদ স্মরণ
নড়াইলে লাখো মঙ্গল প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ করল এলাকাবাসী। এ বছর শ্লোগান ছিল ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’।
রোববার সূর্যাস্তের সাথে সাথে সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিডোপ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রামবাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় মোমবাতি সাজানোর প্রক্রিয়ায়। একই সাথে ৬৬তম ভাষা দিবসে ওড়ানো হয় ৬৬টি ফানুস।
এছাড়া বিকেল থেকে গণসংগীত, দেশাত্মবোধক গান আর কবিতা পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এর আয়োজক ‘একুশের আলো’ সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতামুক্ত সুখী-সুন্দর বাংলাদেশের স্বপ্ন ধারণ করেই এই অনুষ্ঠানের আয়োজন।
এবারও অন্যান্য বছরের মতো এক লাখ মোমবাতি জ্বালানো হয় বলে তিনি জানান।
মনোরম এই দৃশ্য উপভোগ করতে বিকেল থেকে মাঠে আসেন হাজার হাজার দর্শনার্থী।
শহরের মহিষখোলা এলাকার মাফুজা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। পরিবারের সদস্যদের সঙ্গে মাঠে এসেছি সুন্দর এই আয়োজন দেখতে।”
মাগুরা থেকে আসা কামাল হোসেন বলেন, “বেশ কয়েক বছর ধরে অনুষ্ঠানটির কথা শুনছি। তাই এ বছর দেখতে এলাম। খুব ভাল লাগছে।”
আয়োজক কমিটির সদস্য সৈয়দ শান্ত জানান, স্কয়ার গ্রুপ ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
