সৌদি আরবে দুর্ঘটনায় প্রবাসীর স্ত্রী-ছেলে নিহত
সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে বসবাসকারী এক বাংলাদেশি ব্যবসায়ীর ছেলে ও স্ত্রী নিহত হয়েছেন, আহত হন ওই ব্যবসায়ী ও তার মেয়ে।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের হাইয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা জানিয়েছেন।
নিহতরা হলেন ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী শিউলি বেগম (৩৭) ও ছেলে আল সাইম ওমর (১১)।
আহত সাইফুল ইসলাম ও তার মেয়ে শাম্মী আক্তারকে (১৩) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে ঝিনাইদহ শহরের শেখপাড়ায় সাইফুল ইসলামের বাড়ি গিয়ে দেখা যায় স্বজনদের শোকের মাতম।
দেশে থাকা শরিফুল ইসলামের বড় মেয়ে সাইমা ইসলাম সাংবাদিকদের জানান, তারা দুই বোন এক ভাই। তার বাবা সাইফুল ইসলাম ২২ বছর আগে সৌদি আরব যান। রিয়াদ শহরের সিপাই-সানাইয়া শহরের মদিনা পেট্রোল পাম্পের পাশে তার একটি ওয়ার্কশপ রয়েছে।
সাইমা জানান, গত ১৮ জানুয়ারি তার মা শিউলি বেগম, বোন স্থানীয় আলহেরা স্কুলের নবম শ্রেণির ছাত্রী শাম্মী আক্তার এবং ভাই একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আল সাইম ওমর ওমরাহ হজ ও বেড়ানোর জন্য ৬ মাসের ভিসায় সৌদি আরব যান।
“ওমরাহ শেষে শনিবার সকালে একটি জিপযোগে মক্কা থেকে রিয়াদ ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।”
সাইমা আরও বলেন, রোববার বেলা ১১টার দিকে তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন তাদের সুস্থ হতে এক সপ্তাহ লাগতে পারে।
সুস্থ হওয়ার পরেই দুজনের লাশ নিয়ে তিনি দেশে ফিরবেন বলে জানান।
