২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীগঞ্জে বৃদ্ধকে মারধর, ইউপি সদস্য আটক

হবিগঞ্জের নবীগঞ্জে চুরির অভিযোগ তুলে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে লাঠিপেটার এক সপ্তাহ পর এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 04:39 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

উপজেলার সাতাইহাল গ্রাম থেকে শনিবার জমসেদ আলীকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত রোববার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে গরু চুরির অভিযোগ তুলে আবু বক্করকে (৬০) কয়েকশ মানুষের সামনে লাঠিপেটা করা হয়।

ওই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলীর বিরুদ্ধে আবু বক্করের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

মামলার বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান, গরু চুরির অভিযোগে আবু বক্করকে স্থানীয় একটি খেলার মাঠে নিয়ে শত শত মানুষের সামনে লাঠিপেটা করেন গজনাইপুর ইউনিয়ন পরিষদ সদস্য জমসেদ আলী।

“এছাড়া ওই মারপিঠের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করা হয়।”