২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনায় মাদ্রাসাছাত্রকে পিটুনি

কুষ্টিয়ার মিরপুরে তুচ্ছ ঘটনায় এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করেছে এক ব্যক্তি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 04:05 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

বৃহস্পতিবার এ ঘটনায় আহত হাবিবুর রহমান (১৩) উপজেলার নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় হাবিবুরের বাবা মিরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

হাবিবুরের বাবা ডালিম হোসেন জানান, বৃহস্পতিবার মাদ্রাসায় ক্লাশ চলাকালে ‘মজা করার জন্য’ হাবিবুর রহমানের ব্যাগ থেকে তার সহপাঠী নাহিদা খাতুন একটি খাতা বের করে নেয়।

“এরপর সে খাতা ফেরত চেয়ে না পাওয়ার পর নাহিদার একটি বই নিয়ে নেয়।”

বিষয়টি নাহিদা তার চাচা মোজাম্মেলকে জানালে মোজাম্মেল একটি গাছের ডাল ভেঙে নিয়ে বন্ধু, প্রাইভেট শিক্ষকসহ সবার সামনে হাবিবুরকে পেটাতে শুরু করে বলে ডালিম হোসেন জানান।

এ ঘটনায় ডালিম হোসেন মিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাহানি জানান, আহত ওই ছাত্রের পিঠে ও শরীরের বিভিন্ন অংশে কালশিরা ও ফোলা দাগ হয়েছে। চোখের পাশেও ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন জানান, মোজাম্মেলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পরপরই সে আত্মগোপন করেছে।