ময়মনসিংহে ছিনতাইয়ের অভিযোগে নির্যাতনের ঘটনায় মামলা
মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ময়মনসিংহে ১২ বছর বয়সী এক কিশোরের ওপর নির্যাতন চালিয়ে ভিডিও ধারণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওই কিশোরের মা পারভিন আক্তার বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন বলে ওসি কামরুল ইসলাম জানান।
বুধবার দুপুরে শহরের পাটগুদাম ব্রিজমোড় বাসস্ট্যান্ড এলাকায় সাদ্দাম নামের ওই কিশোরের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
ঘটনার পর তার মা কেষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফির উদ্দিন সরুকে নির্যাতনের জন্য দায়ী করলেও মামলার এজাহারে তার নাম উল্লেখ করা হয়নি।
ওসি বলেন, “অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে মামলার এজাহারে আসামি করা হয়েছে।”
সাদ্দমের মায়ের ভাষ্য, বুধবার দুপুরে নেত্রকোনায় খালার বাড়ি যাওয়ার পথে শহরের পাটগুদাম এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে সাদ্দামকে আটক করে সফির উদ্দিন সরুসহ কয়েকজন।
তারা সাদ্দামকে ধরে কিল ঘুষি মারে এবং ট্রাফিক পুলিশের লাঠি দিয়ে পেটায় এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে বলে মায়ের অভিযোগ।
পরে কোতোয়ালি থানার এসআই রুকন গিয়ে ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সন্ধ্যার পর থানা থেকে মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন পারভীন।
সাদ্দামের বাবা নেই। শহরের কৃষ্টপুর এলাকায় মা পারভীন আক্তারের সঙ্গেই সে থাকে।
ওসি কামরুল বলছেন, সাদ্দাম চুরি-ছিনতাইয়ে জড়িত বলে তারা অভিযোগ পেয়েছেন। আগেও কয়েকবার তাকে একই অভিযোগে আটক করা হয়েছে।
তবে মায়ের দাবি, সাদ্দাম কাগজ কুড়ায়; সে কোনো অপরাধের সঙ্গে নেই।
