ময়মনসিংহে ছিনতাইয়ের অভিযোগে শিশু নির্যাতন
দেশে কয়েকটি শিশু নির্যাতনের ঘটনায় ব্যাপক আলোচনার মধ্যে ময়মনসিংহে এক শিশুকে মারধর ও তার ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
বুধবার দুপুরে শহরের পাটগুদাম ব্রিজমোড় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে ওই শিশুর মায়ের অভিযোগ।
সাদ্দাম (১২) নামের ওই শিশু ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায় মা পারভীন আক্তারের সঙ্গে থাকে। তার বাবা নেই।
কথিত নির্যাতনকারী সফির উদ্দিন কৃষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এবং ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় সাদ্দামকে জনতা হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় লোকজন চরথাপ্পর দিয়ে পুলিশে তুলে দেয়। পরে রাতে মা পারভীন আক্তার মুচলেকা দিয়ে সাদ্দামকে ছাড়িয়ে নিয়ে যায়।
“সাদ্দাম একজন পেশাদার শিশু ছিনতাইকারী। অতীতে তাকে বেশ কয়েকবার ছিনতাইয়ের ঘটনায় আটক করা হয়েছিল।”
তবে মারধরের ভিডিও চিত্র ধারণের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
এ ব্যাপারে সফির উদ্দিন সাংবাদিকদের বলেন, সাদ্দাম এক মহিলার মোবাইল ফোন ছিনতাই করে ধরা পড়লে তিনি চড়-থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
তবে কেউ ভিডিও চিত্র ধারণ করেছে কি না তা তিনি জানেন না বলে এড়িয়ে যান।
সাদ্দমের মা পারভীন আকতার অভিযোগ করেন, বুধবার দুপুরে নেত্রকোনায় খালার বাড়ি যাচ্ছিল সাদ্দাম।
“পথে শহরের পাটগুদাম এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তুলে সফির উদ্দিন সরুসহ কয়েকজন মিলে সাদ্দামকে ধরে কিল ঘুষি মারে এবং ট্রাফিক পুলিশের লাঠি দিয়ে পেটায় এবং তার ভিডিও ধারণ করে।”
পরে কোতোয়ালি থানার এসআই রুকন গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানান পারভীন।
খবর পেয়ে সন্ধ্যার দিকে থানায় গিয়ে তিনি মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন বলে জানান।
পারভীন আকতার আরও জানান, স্বামীর মৃত্যুর পর তিনি কাগজ কুড়িয়ে ছেলেকে নিয়ে কোনোমতে জীবনযাপন করেন। তার ছেলে চোর নয়।
তিনি ছেলেকে নির্যাতনের ঘটনার বিচার চান।
কয়েকদিন আগে রাজশাহীর পবা উপজেলায় জাহিদ হাসান ও ইমন আলী নামে দুই স্কুলছাত্রকে মোবাইল ফোন চুরির অভিযোগে বেঁধে পিটিয়ে তার ভিডিও চিত্র ধারণ করা হয়।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ চার শিশুর বালিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয় বুধবার।
আরও কয়েকমাস আগে সিলেটে রাজনকে পিটিয়ে এবং খুলনায় রাকিবকে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়।
গত ৩ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে একটি ঘরে আটকে পুড়িয়ে হত্যা করা হয়।
