পবায় শিশু নির্যাতন: মামলায় আসামিকে ‘বাঁচানোর চেষ্টা’
রাজশাহীর পবায় দুই শিশুকে নির্যাতনের আসামিদের ‘বাঁচানোর জন্য’ মামলায় আইনের যথাযথ ধারা দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বাদীর আইনজীবীরা।
বুধবার রাজশাহীর শিশু আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী সরকার আরও তিনজনকে জামিন দিয়েছেন।
এরা হলেন ফজলু মিয়া, কমল এবং মামলার প্রধান আসামি রাকিব।
এর আগে সোমবার জামিন পান আসামি আজিজুল ইসলাম ও উজ্জ্বল।
আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক বলেন, দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাকিব, ফজলু মিয়া ও কমল।
“প্রায় একঘণ্টা শুনানি শেষে বিচারক মামলার অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।”
এই তিন জনের বিরুদ্ধে জামিনযোগ্য দণ্ডবিধির ৩২৩ ধারা দেওয়া হয়েছে। মামলায় জামিন অযোগ্য কোনো ধারা উল্লেখ ছিল না বলে বিচারক তাদের জমিন মঞ্জুর করেছেন বলে জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু বলেন, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে পবা থানার ওসি অপহরণ ও নির্যাতনের ধারা সংযোগ না করে সহজভাবে মামলাটি আদালতে উপস্থাপন করেছেন।
আলোচিত এ মামলার আসামিকে দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে তারা রিভিশন করবেন বলেও জানান মিঠু।
মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান ও বাদীপক্ষের আইনজীবী দিলসিতারা চুনি বলেন, এ মামলায় আসামিদের মধ্যে ‘সেনাবাহিনী ও র্যাব সদস্য থাকায়’ থানা পুলিশ মামলার ধারা পরিবর্তন করে ফেলে।
তিনি বলেন, দুই শিশুকে তুলে নিয়ে সাত ঘণ্টা আটক রেখেছিল, সেখানে অপহরণের একটি ধারা আসবে। আবার তাদের যে নির্যাতন করা হয়েছিল সেখানে হবে দণ্ডবিধির ৩২৪ ধারা।
“কিন্তু ৩২৪ ধারা না দিয়ে সাধারণ মারপিটের ধারা ৩২৩ দেওয়া হয়েছে। আসামিপক্ষকে সুযোগ দিতেই সঠিক ধারা দেওয়া হয়নি।”
তিনি আরও বলেন, এ মামলায় জামিন অযোগ্য একটি মাত্র ধারা ৩০৭ দেওয়া হয়েছে। কিন্তু ৩২৩ ধারার সঙ্গে ৩০৭ ধারা সাংঘর্ষিক হওয়ায় ৩০৭ ধারা আমলে নেননি বিচারক।
রাজশাহী শিশু আদালতের এপিপি রাশেদ উন নবী আহসান বলেন, বিকাল ৩টায় অপহরণ করে প্রধান আসামি রাকিবের বাড়িতে ছয়ঘণ্টাব্যাপী নির্যাতন করা হয় শিশু জাহিদ ও ইমনকে।
“অথচ এ মামলায় অপহরণের ধারা ৩৬৪ ও ৩৬৫ উল্লেখ করা হয়নি। এছাড়াও ৩২৪ ধারার উপদান মামলার এজাহারে উল্লেখ থাকলে ওই ধারা দেওয়া হয়ন।”
এদিকে বুধবার আরও তিন আসামির জামিনের আদেশের পর আদালত চত্বরে হতাশায় কেঁদে দেন নির্যাতিত শিশু জাহিদের বাবা ইমরান আলী।
সাংবাদিকদের তিনি বলেন, থানায় মামলা করার পর থেকে বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছে তার পরিবার। হুমকির মুখে তিনি বাড়িতে থাকতে পারছেন না। এরপর আবার আসামিরা জামিন পেয়ে যাচ্ছে।
মঙ্গলবার বিকালে পলাশ নামের আসামি তার শিশু কন্যাকে গালাগাল ও হুমকি ধামকি দিলে ভয়ে দৌড়ে বাড়ি পালিয়ে যায় বলে জানান তার বাবা।
“এলাকায় আসামিরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না,” অভিযোগ করেন ইমরান আলী।
গত শুক্রবার মোবাইল ফোন চুরির অভিযোগে রাকিব ও তার সহযোগীরা অষ্টম শ্রেণির ছাত্র জাহিদ ও ইমনকে ধরে নিয়ে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আটকে রেখে নির্যাতন করে এবং তার ভিডিও চিত্র ধারণ করে।
তারা দুজন এখনও পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় জাহিদের বাবা এক সেনা ও এক র্যাব সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলায় দেওয়া ধারাগুলো হলো দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬ ও ১১৪।
নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
শিশু জাহিদ হোসেন ও ইমনের নির্যাতনকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বুধবার মানববন্ধন করেছে শিশুরা।
বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন আয়োজন করেন রেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েরপেয়ার (লফস) ও শিশু অধিকার ফোরাম নামের দুটি সংগঠন।
