বেঁধে পিটিয়ে ভিডিও: নিখোঁজ কিশোরের খোঁজ মিলেছে
রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোরকে হাত-পা বেঁধে পিটিয়ে ভিডিও করার পর নিঁখোজ হওয়া একজনের সন্ধান পাওয়া গেছে।
বাগসারা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমনকে রোববার রাত সাড়ে ১০টার দিকে সুন্দলপুর গ্রামে নানা বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে পবা থানার ওসি শরিফুল ইসলাম জানান।
আধা ঘণ্টা আগে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমনের শারীরিক অবস্থা ভাল নয়। তাকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাতে, পায়ে, পিঠে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার পিটুনির শিকার হওয়ার পর এ দুই দিন ইমন কোথায় ছিলেন বা কেউ তাকে আটকে রেখেছিল কি না সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পিটুনিতে আহত অপর কিশোর জাহিদ হাসানকেও পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ইমনের সহপাঠী।
জাহিদের বাবা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে তাদের প্রতিবেশী রাকিবের একটি মোবাইল ফোন চুরি হলে আরেক প্রতিবেশী মাসুদ আলীর ছেলে ইমনকে ধরে আনে তারা।
“এরপর ইমনকে মারধর করলে সে মোবাইল চুরির দায় জাহিদের ওপর চাপিয়ে দেয়।”
ইমরানের অভিযোগ, শুক্রবার দুপুরে জাহিদ নানাবাড়ি যাওয়ার পথে রাজশাহী বিমানবন্দরের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় নাসির, সাগর, পলাশ, জামাল, রাজ্জাক, অনিক ও তুহিনসহ কয়েকজন।
“তারা হাত-পা বেঁধে রাত ১০টা পর্যন্ত জাহিদকে মারধর করে এবং সে দৃশ্য ভিডিও করে রেখে জাহিদকে ফিরিয়ে দেয়।”
এ ঘটনায় শনিবার রাতে পবা থানায় এক সেনা ও একজন র্যাব সদস্যসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন জাহিদের বাবা ইমরান আলী।
মামলায় রোববার ভোরে চৌবাড়িয়া গ্রাম থেকে আজিজুর রহমান (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
আসামিদের মধ্যে নাসির উদ্দিন সেনাবাহিনীর সার্জেন্ট। তিনি বগুড়া ক্যানটনমেন্টে দায়িত্বরত। আর পুলিশ কনস্টেবল সাগর বর্তমানে র্যাব সদর দপ্তরে আছেন।
দুজনই ছুটিতে চৌবাড়িয়ায় গ্রামের বাড়ি গিয়ে এ কাণ্ড ঘটিয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই আবু তাহের জানিয়েছেন।
