২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হামলায় আহত শ্রমিক নেতার মৃত্যু, আটক ১ 

গোপালগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

নিহত সাঈদুর রহমান বাসু (৪৫) জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ছিলেন। তিনি গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার মৃত মোতাহের শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদুরের মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে রেখে প্রতিপক্ষের লোকজনই সাঈদুরকে হত্যা করেছে।

এ ঘটনায় পুলিশ ইমাম শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে কুয়াডাঙ্গার শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সাঈদুর। পথে মৌলভীপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

গুরতর অবস্থায় উদ্ধারের পর স্থানীয়রা তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই ইশারদ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলামের সঙ্গে সাঈদুরের দ্বন্দ্ব চলছিল।

“সে একজন জনপ্রিয় নেতা। আগামীতে সে যাতে আর নির্বাচিত হতে না পারে সেজন্য বুলবুলের লোকজন তাকে হত্যা করেছে।”

নির্বাচন কমিটির আহ্বায়ক ওমর আলী বলেন, গত ১ ফেব্রুয়ারি সাঈদুর কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। নিয়ম অনুযায়ী আগামী এক মাসের মধ্যে নির্বাচন করার কথা রয়েছে।

“কোনো কারণে নির্বাচন না হলে তাকেই আবার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে বলে কমিটির সিদ্ধান্ত ছিল।”

তবে নির্বাচনের সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগাযোগ আছে কিনা- সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ওমর।

এর আগে দুই দফায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন সাঈদুর। কারা তাকে খুন করেছে সে বিষয়ে পুলিশও কোনো তথ্য দিতে পারেনি। 

সাঈদুরের পরিবারের অভিযোগের বিষয়ে কথা বলতে বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, ঘটনার পর থেকেই বুলবুলকে দেখা যাচ্ছে না।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বুলবুলের ছোট বাইয়ের স্ত্রী শাহিমা বেগম বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার সময় উনি বাড়িতে ছিলেন।”