শিক্ষককে ‘লাঞ্ছিত’, বরিশাল কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে সরকারি বরিশাল কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষার হলে ঢুকে কর্তব্যরত এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কলেজটির ছাত্রলীগ সভাপতি আল মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে।
“এ কারণে কলেজের ছাত্রলীগ কমিটি স্থগিতের পাশাপাশি ক্যাম্পাসে তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।”
তবে আল মামুন অভিযোগ অস্বীকারসহ দাবি করেছেন, “আমাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য ষড়যন্ত্র চলছে।”
অপরদিকে কলেজের অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম জানান, সম্মান প্রথম বর্ষের পরীক্ষা চলার সময় ৩১০ নম্বর কক্ষে ঢুকে কর্তব্যরত শিক্ষক কাজী নজরুল ইসলামকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে ‘ছাত্রলীগের নেতাকর্মীদের’ বিরুদ্ধে।
এ ঘটনায় উপাধ্যক্ষ সরদার নূরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
লাঞ্ছনার শিকার নজরুল ইসলাম উজিরপুর শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের বাংলার প্রভাষক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা শুরুর পর হলে ঢুকে দুই পরীক্ষার্থীকে আত্মীয় দাবি করে তাদের অবৈধ সুবিধা দিতে বলেন কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনসহ কয়েকজন।
তাদের দাবি না মানায় পরীক্ষা শেষ হওয়ার ২০ মিনিট আগে হলে ঢুকে মামুন ওই শিক্ষকের পাঞ্জাবির কলার ধরেন বলে তার অভিযোগ।
