ডেকে নিয়ে দুই পায়ে গুলি
যশোর সদর উপজেলায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ মোহাম্মদ বাবু (৩০) পাগলাদহ গ্রামের আব্দুল হামিদের ছেলে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ‘অজ্ঞাতপরিচয়’ দুর্বৃত্তরা বাবুকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়।
বাবুর মা শাহিদা বেগম জানান, রাতে বাবু পাগলাদহ মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় তিন যুবক তাকে ধরে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবুর দুপায়ে দুটি গুলির চিহ্ন রয়েছে। অস্ত্রোপচার করে ডান পায়ের গুলি বের করা হয়েছে।
বাঁ পায়ের গুলি বের করার জন্য বুধবার বা পরে আরেকবার অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসক জানান।
গুলি কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বাবু যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং যুবলীগের নেতাকর্মীদের মধ্যে কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
