আশুলিয়ায় পুড়ল শ্রমিক কলোনির অর্ধশতাধিক ঘর
ঢাকার সাভার উপজেলায় শ্রমিক কলোনিতে অর্ধশতাধিক আধাপাকা ঘর মালপত্রসহ পুড়ে গেছে।
মঙ্গলবার রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা আলমাছের শ্রমিক কলোনিতে আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি এবং কালিয়াকৈর থেকে দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণ করতে করতেই অর্ধশতাধিক আধাপাকা ঘর মালপত্রসহ পুড়ে যায় বলে তিনি জানান।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে সার্ভিসের লোকজন।
