২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালের মুছি খাওয়ায় শিশুকে পিটিয়ে জখম

ফেনীর সোনাগাজী উপজেলায় কাঁঠালের মুছি খাওয়ায় এক শিশুকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

মঙ্গলবার দুপুরে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি এ ঘটনা ঘটায় বলে শিশুটির বাবা জানান।  

আহত মো. ফরহাদ উদ্দিন (১১) ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জসিম উদ্দিন জানান, দুপুরে তাদের প্রতিবেশী সিরাজুল ইসলামের কাঁঠাল গাছ থেকে মুছি পেড়ে খায় ফরহাদ।

“ওই সময় সিরজুল ইসলাম ফরহাদকে ধরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, শিশু নির্যাতনের ঘটনায় আহত ফরহাদের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।