ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের পর ওসমানী মেডিকেলে বিক্ষোভ
মোবাইল ফোনের বিল রিচার্জ ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন তারা।
পরে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফেরেন বলে অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান।
রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে একটি দোকানে মোবাইল ফোনে ফ্ল্যাক্সিলোড করা নিয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে চার ছাত্র আহত হন।
তৌহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজের ছাত্রদের উপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।”
অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় তারা ক্লাসে ফিরে গেছে।”
