২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামকে আদালতের সমন, আরেকটি মামলা

জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় দিনাজপুরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা মামলায় তার বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুর  ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 12:46 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

আগামী ১৪ জুনের মধ্যে তাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

রোববার দিনাজপুরের অতিরিক্ত মুখ্য হাকিম আহসানুল হক জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য শামসুর রহমান পারভেজের মামলাটি আমলে নিয়ে সন্ধ্যায় আদেশ দেন।  

দণ্ডবিধির ১২০খ (২), ৪১৭ ও ৫০৫(ঘ) ধারায় করা মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছে।

বাদি শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর সোমবার বলেন, “বিচারক আহসানুল হক মামলা আমলে নিয়ে মাহফুজ আনামকে ১৪ জুনের মধ্যে আদালতে স্বশরীরে হাজির হতে বলেছেন।”

এদিকে সোমবার সুনামগঞ্জে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে।

সুনামগঞ্জ আমলী আদালতে করা ১০০ কোটি টাকার মানহানির এই মামলার বাদী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।

বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম বলেন, “আদালত মামলা গ্রহণ করেছেন, তবে কোনো আদেশ দেননি।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।  

সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

এরপর সিলেট, খুলনা, রাঙামাটি, লক্ষ্মীপুর, খুলনা, গোপালগঞ্জ ও কক্সবাজারে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এছাড়া ঢাকার একটি আদালতে এক আইনজীবী ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগও আনেন।

পুরনো খবর:

মাহফুজ আনামের বিরুদ্ধে তিন জেলায় ৫ মামলা