নাটোরে লাইনচ্যুত ‘দ্রুতযান’
নাটোরের লালপুরে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার মারফিন হোসেন জানান।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ডাবল লাইন থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এলে ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার শুরু হবে বলে মারফিন হোসেন জানান।
