বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে আদালতে তলব
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেনসহ চার জনের বিরুদ্ধে জয়পুরহাটের একটি আদালতে মানহানির মামলা হয়েছে।
রোববার জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী বাদী হয়ে জয়পুরহার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ ইকবাল বাহারের আদালতে এ মামলা করেন বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
বিচারক মামলা আমলে নিয়ে বিবাদীদের আগামী ৯ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য বিবাদীরা হলেন পত্রিকাটির বার্তা সম্পাদক মাসুক চৌধুরী এবং জয়পুরহাট জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ।
মামলায় বলা হয়, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আখের গোছাতে ব্যাস্ত তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সোলায়মান আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ জেলা পরিষদের গাছ কাটার অভিযোগ আনা হয়। পত্রিকাটি মিথ্যা খবর প্রকাশ করে তার সম্মানহানি করেছে অভিযোগ করা হয়েছে মামলায়।
