ছয় জেলায় রোহিঙ্গা শুমারি শুরু
বাংলাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের গণনা শুরু হয়েছে।
মিয়ানমার থেকে আসা এই জনগোষ্ঠীর বসবাস রয়েছে এমন ছয় জেলায় একযোগে শুক্রবার শুমারি শুরু হয় বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পরিসংখ্যান ব্যুরো এ শুমারি চালাচ্ছে।
পরিসংখ্যান ব্যুরোর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মো. ওয়াহিদুর রহমান জানান, শুক্রবার সকালে শুরু হওয়া এ শুমারির মাঠ পর্যায়ের প্রাথমিক তালিকা তৈরির কাজ চলবে বুধবার পর্যন্ত।
তিনি বলেন, কক্সবাজার জেলায় রোহিঙ্গাদের উল্লেখযোগ্য বসবাস রয়েছে এমন এলাকাকে ৪৯টি জোনে ভাগ করে তালিকা তৈরির কাজ চলছে। এই ৪৯টি জোনে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গা সবারই নাম থাকবে এ তালিকায়।
“পরে ওই তালিকা থেকে যাছাই-বাছাই করে শুধু রোহিঙ্গাদের আলাদা তালিকা তৈরি করা হবে।
“মার্চের শেষদিকে রোহিঙ্গাদের তালিকাভুক্তির চূড়ান্ত শুমারি হবে। এরপর তালিকাভুক্ত রোহিঙ্গাদের পরিচয়পত্র দেওয়া হবে।”
কক্সবাজারে এক হাজার ৯০ জন গণনাকারী ও ১১০ জন সুপারভাইজার মাঠ পর্যায়ে শুমারির প্রাথমিক তালিকা তৈরির কাজ করছেন বলে জানান ওয়াহিদুর রহমান।
তিনি জানান, কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের লেদার দুটি শরণার্থী ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে প্রায় ৩৩ হাজার। এছাড়া কুতুপালং, লেদা ও শামলাপুরে রয়েছে আরও ৩টি অনিবন্ধিত শরণার্থী ক্যাম্প।
এ তিন অনিবন্ধিত ক্যাম্পসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অন্তত পাঁচ লক্ষাধিক রোহিঙ্গা, যাদের কোনো সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই বলে জানান তিনি।
