মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন
গাজীপুরে মাকে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত মো. সানাউল্লাহ (৪০) কাপাসিয়া উপজেলার মোল্লাপাড়া এলাকার হেকিম মোল্লার ছেলে।
মামলার নথির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালের ৭ মে বিকালে সানাউল্লাহ বোন ফাতেমা বেগমের (৩৫) কাছে টাকা চায়। ফাতেমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দা দিয়ে কোপায়।
“এ সময় মা দেলোয়ারা বেগম (৫৫) মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে সানাউল্লাহ তাকেও কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ারা।”
এ ঘটনায় হেকিম মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে সানাউল্লাহকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
