২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে বাড়তি ফি: সবার জবাব মেলেনি

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলে দেড়শ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 12:23 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

গত ২ ফেব্রুয়ারি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের জবাব দিতে বলা হয়।  

নির্ধারিত সময়ের মধ্যে ৮১টি প্রতিষ্ঠান জবাব দিয়েছে, যার মধ্যে ২৩টি অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফিরিয়ে দেওয়ার কথা জানায়। ৫৮টি প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেছে।

এছাড়া ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃপক্ষের চিঠির জবাবই দেয়নি।

গত বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছিলেন, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও ফি হিসেবে এবং এসএসসির ফরম পূরণের সময় আদায় করা বাড়তি টাকা ফেরত দিতে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

ওই টাকা শিক্ষার্থীদের ফেরত দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে তা অবহিত করতে হবে। সাত কার্যদিবসের মধ্যে টাকা ফেরত না দিলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। 

গতবছর ১ ডিসেম্বর হাই কোর্টের এক আদেশে এসএসসির ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

নতুন বেতন কাঠামোতে সরকারি চাকুরেদের বেতন বাড়ার যুক্তি দেখিয়ে ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থীদের বেতন নতুন বছরের শুরুতে ব্যাপক হারে বাড়ানো হয়, যার প্রতিবাদে রাস্তায় নামেন অভিভাবকরা।

এই প্রেক্ষাপটে গত ১৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় বর্ধিত বেতন ও ফি আদায় না করার নির্দেশ দেয়।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো তালিকা অনুযায়ী অতিরিক্ত টাকা আদায়কারী ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানকে গত ২ ফেব্রুয়ারি নোটিশ দেওয়া হয়েছিল।

“নির্ধারিত সময় ৭ ফেব্রুয়ারির মধ্যে ২৩টি প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে তা ফেরত দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে। ৫৮টি বিদ্যালয় লিখিতভাবে দাবি করেছে তারা ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেয়নি।”

তিনি আরও জানান, কয়েকজন প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষার কারণে নোটিশের জবাব সময়মতো দিতে পারেননি। তারা সময় নিয়েছেন। সোমবার বিকাল ৫টার মধ্যে তাদের লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছিল।

“যারা জবাব দেয়নি তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। অভিযুক্তদের তালিকাগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, অভিযুক্ত বিদ্যালয়গুলোর লিখিত জবাব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে শিক্ষা বোর্ড, যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে মন্ত্রণালয় থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানানো ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান হলো সাতক্ষীরার ডিবি ইউনাইটেড হাই স্কুল, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, তারালি মাধ্যমিক বিদ্যালয়, গোবিন্দ্রকাঠী মাধ্যমিক বিদ্যালয়, ঊয়রা একে মাধ্যমিক বিদ্যালয় ও চম্পাপুল মাধ্যমিক বিদ্যালয়।

কুষ্টিয়ার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, নাসির উদ্দিন বিশ্বাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শমসপুর মাধ্যমিক বিদ্যালয়।

ঝিনাইদহে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, পাপড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাবদারপুর মুনসুর আলী মাধ্যমিক বিদ্যালয়, তালসা কাজী লৎফুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, লালন একাডেমী ও নড়াইলের তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়।

খুলনার বিএলবি মাধ্যমিক বিদ্যালয়, আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খোলাতাকাটা মাধ্যমিক বিদ্যালয়, রায়েন্দা পাইলক হাইস্কুল এবং কচুয়ার মসনী মাধ্যমিক বিদ্যালয়।

যে ৮১টি বিদ্যালয় নোটিশের জবাব দিয়েছে তার মধ্যে কুষ্টিয়ার ১২টি, নড়াইলের ৯টি, ঝিনাইদহের ২৪টি, বাগেরহাটে ১৭টি, খুলনায় ৮টি এবং সাতক্ষীরায় ৭টি বিদ্যালয় রয়েছে।