২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় নিজ ঘরে ডাকাতের আঘাতে গৃহকর্ত্রী নিহত

ঢাকার সাভার উপজেলায় বিকেএসপির সাবেক কর্মকর্তার বাড়িতে ডাকাতদের হামলায় গ্রহকর্ত্রী নিহত হবার খবর দিয়েছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 01:17 AM

Updated : 20 Aug 2022, 11:49 AM

নিহত তাহমিনা বেগম (৫৫) বিকেএসপির সাবেক কর্মকর্তা ইউসুফ হোসেনের স্ত্রী।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকায় তাহমিনার দোতলা বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

“ডাকাতরা বাড়ির কলবেল বাজালে তাহমিনা দরজা খুলে দেন। ডাকাতরা ঘরে ঢুকেই তাকে শ্বসরোধ ও মাথায় আঘাত দিয়ে হত্যা করে।”

তাহমিনার ছেলে মাসুদুর রহমানের বরাত দিয়ে ওসি জানান, মাসুদ ডাকাতদের বাধা দিলে তারা তাকে হাত-পা বেঁধে রেখে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে মাসুদেরর চিৎকারে আশপাশের লোকজন তাহমিনাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, ওসি জানান।