২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের কূপ খনন এলাকায় হামলায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ২৫ নম্বর কূপ খনন এলাকায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 01:12 AM

Updated : 20 Aug 2022, 11:49 AM

তিতাস গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) জুলফিকার আলী আনসারী বাদী হয়ে সোমবার মামলা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় বাদী অভিযোগ করেছেন, সদর উপজেলার বুধল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের খননকাজ চলার সময় রোববার বিকেলে ৩০-৩৫টি মোটরসাইকেল যোগে ৬০-৭০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রধান ফটকে কর্তব্যরত আনসার ও নিরাপত্তা প্রহরীদের বাধা উপেক্ষা করে খনন এলাকায় প্রবেশ করে।

“এ সময় তারা বিদেশিদের খাবার সরবরাহের ঠিকাদারিসহ বিভিন্ন কাজ দাবি করে। কাজ না দিলে প্রকল্প বন্ধ করার হুমকি দেয়। প্রকল্পে কর্তব্যরত প্রকৌশলী জাহিদ হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। খনন কাজে ব্যবহৃত যন্ত্র বন্ধ করে দেয়। এ সময় প্রায় ১৫ মিনিট খনন কাজ বন্ধ থাকে।

খননকাজে নিয়োজিত ২৫ জন চায়না নাগরিক, একজন আমেরিকান এবং একজন অস্ট্রেলিয়ায় নাগরিক হতভম্ব হয়ে ছোটাছুটি করে পালিয়ে যান এবং কাজ করতে অসম্মতি জানান। পরে প্রশাসন নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তারা ফের কাজে যোগ দেয়।

ওসি জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামে গত বছরের ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিতাস গ্যাস ফিল্ডের ২৫ নম্বর কূপ খননকাজ উদ্বোধন করা হয়।