নওগাঁয় কয়লার সন্ধানে খনন প্রস্তুতি
নওগাঁর বদলগাছী উপজেলার তাজপুরে কয়লার সন্ধানে কূপ খননের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নেহাল উদ্দিন জানান, ২০১৪-১৫ সালে সান্তাহার, তিলকপুর, বদলগাছী ও আক্কেলপুর এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালায় জিএসবি। ওই সময় বদলগাছীর তাজপুরে মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়।
সেই সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করার জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয় খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। এবছর জানুয়ারিতে মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করেছে।
নেহাল উদ্দিন বলেন, তাজপুরে মাটির নিচের স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অনুসন্ধানে ৩০ সদস্যের একটি অনুসন্ধান টিম পাঠানো হয়েছে।
“সেখানে একটি কূপ খনন করে প্রায় তিন মাস খনিজ সম্পদের অনুসন্ধান চালানো হবে। অনুসন্ধানে তাজপুরে কয়লা অথবা মূল্যবান কোনো খনিজ সম্পদ পাওয়া গেলে তার পরিমাণ উল্লেখ করে পরবর্তীতে সেগুলো কাজে লাগানোর জন্য সরকারকে জানাবে সংশ্লিষ্ট বিভাগ।”
তাজপুর স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও খনিজসম্পদ অনুসন্ধান টিমের লিডার জিএসবির উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) মাহিরুল ইসলাম বলেন, তাজপুরে প্রাথমিক জরিপে পাললিক শিলার পুরুত্ব অনেক বেশি পাওয়া গেছে। এছাড়া সাদা মাটিসহ মূল্যবান সম্পদ পাওয়া যেতে পারে এখানে।
“এজন্য মাটির নিচে প্রায় চার হাজার ফুট গভীর কূপ খননের মাধ্যমে নিরীক্ষা অভিযান চালানো হবে।
“কূপ খননের নির্ধারিত স্থানটি মাপজোখ করে প্রস্তুত করা হয়েছে। মেশিনপত্র নিয়ে আসার কাজ চলছে।”
চলতি মাসের তৃতীয় সপ্তাহে জিএসবির খনন কাজের উদ্বোধন করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
