টঙ্গীতে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত
গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার।
নিহত মাহবুবুর রহমান টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
ওসি ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় কালিয়াকৈরগামী ‘আজমেরী পরিবহনের’ একটি বাস মাহবুবুরকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“দুর্ঘটনার পর ওই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ওই সড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে বেলা আড়াইটার দিকে যান চলাচল শুরু হয়।”
চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
