২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

বুকের ব্যথায় হাসপাতালে নেওয়ার পর গাজীপুরের কাশিমপুর কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 02:21 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মৃত মতিউর রহমান (৫০) ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে।

রোববার গভীর রাতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মতিউর মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার মুশফিকুর রহমান জানান, রোববার রাত সোয়া ১টার দিকে বুকে ব্যথার কথা জানান মতিউর রহমান।

“তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে রাত ২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

একটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড পান মতিউর রহমান। গত বছরের ১৮ অগাস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল বলে জানান ডেপুটি জেলার।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, মৃত অবস্থায় তাকে এ হাসপাতালে আনা হয়েছিল।